শ্রাবণ মাসের শেষ সোমবারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বীরভূমের তারাপীঠ। সোমবার ভোররাতে থানা সংলগ্ন একটি চারতলা হোটেলে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাত প্রায় ৪টে নাগাদ হোটেলের গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন এলাকায় প্রথম আগুন নজরে আসে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতেও। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমিয়ে ছিলেন। আগুনের সঙ্গে ঘন কালো ধোঁয়ায় চারতলা হোটেলটি ঢেকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আবাসিকরা ছোটাছুটি শুরু করেন।
ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় তল্লাশি ও উদ্ধারকাজ। তবে হোটেলের ভিতরে ঘন ধোঁয়া থাকায় উদ্ধারকারীদেরও যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়।
শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে রবিবার থেকেই তারাপীঠে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় ছিল। ফলে হোটেলটিও ছিল প্রায় পূর্ণ। হোটেল মালিকের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল কি না এবং আগুন এত দ্রুত কীভাবে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।







