সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
দুর্গাপুজোর সবে মাত্র হয়েছে বিসর্জন। তারি মধ্যে প্যান্ডেলের পাশে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচন্দ্রপুর এলাকায়। জানা যায়, ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হয়েছিল দুর্গাপুজো। সেই পূজোর প্যান্ডেলের পাশ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। স্থানীয়রা সকালে মাঠে এসে প্রথমে পচা গন্ধ পায়, তারপরেই দুর্গাপুজো প্যান্ডেলের পেছনে গাছে দেখতে পায় এক ব্যক্তির পচাগলা দেহ ঝুলছে। পাশের রাস্তায় রয়েছে একটি বাইক। বাইকের নাম্বার ধরে স্থানীয়দের অনুমান মৃত ব্যক্তি চন্দ্রকোনা থানার বাসিন্দা প্রশান্ত ঘোড়ই, বয়স আনুমানিক ৩২ বছর।প্রশান্ত এলাকায় কোনো আত্মীয়ের বাড়ি এসেছিল বলেই অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।তবে এটি খুন নাকি ঘটনার নেপথ্যে অন্য কোন রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।







