আবহাওয়া

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, তবে বেশিদিন নয়! সপ্তাহান্তের পর ফের বাড়বে ভ্যাপসা গরম

তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। কালবৈশাখীর জেরে গত কয়েকদিনে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে এই আরাম দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে।

শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া-সহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে এবং ফের বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সেই সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হতে শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপকূলবর্তী এলাকাগুলির জন্যও জারি করা হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস।

শুক্রবারও কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়ার উন্নতি হবে। যদিও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলতে পারে।

সব মিলিয়ে, কালবৈশাখীর প্রভাবে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহের শেষের দিকেই ফের ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন রাজ্যবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.