বিদেশ

জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ ফ্রান্সে, শিশুদের স্বাস্থ্যের সুরক্ষায় বড় পদক্ষেপ

“ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক” – এই কথাটি সকলের জানা সত্ত্বেও, ধূমপানের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে, কমছে না। তবে এই ক্রমবর্ধমান ক্ষতির লাগাম টানতে এবার বড় উদ্যোগ নিল ফ্রান্স সরকার। বিশেষত শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফ্রান্স সরকারের এই নতুন নিয়ম ১ জুলাই থেকে কার্যকর হবে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সমুদ্র সৈকত, পার্ক, বাস স্টপ এবং খেলাধুলার স্থান, অর্থাৎ যেখানে শিশুরা ঘন ঘন যাতায়াত করে, সেই সমস্ত পাবলিক এলাকায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, শিশুদের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার রয়েছে, আর এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।
যদি কেউ নতুন নিয়ম ভঙ্গ করেন, তবে ১৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদিও ক্যাফে টেরেস এবং ইলেকট্রনিক সিগারেট এই নতুন নিয়মের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
ফ্রান্স মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশনের তথ্য অনুযায়ী, ফ্রান্সের মোট জনসংখ্যার ২৩.১ শতাংশ মানুষ প্রতিদিন ধূমপান করেন। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কম। ফ্রান্সের জাতীয় ধূমপান বিরোধী কমিটি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, প্রতি বছর ৭৫,০০০ এরও বেশি ধূমপায়ী তামাকজনিত অসুস্থতায় মারা যান, যা মোট মৃত্যুর ১৩ শতাংশ। উল্লেখ্য, ২০০৮ সাল থেকেই ফ্রান্সে রেস্তোরাঁ এবং নাইটক্লাবের মতো জায়গাগুলিতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। এবার শিশুদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে ফ্রান্স সরকার এই সাহসী পদক্ষেপ নিল। এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য দেশের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.