বাড়িতে নগদ টাকা রাখা এখন আর নিরাপদ নয়—এই বিশ্বাসেই সাধারণ মানুষ ভরসা করেন ব্যাঙ্কে। কিন্তু, সেই ব্যাঙ্কেই যদি কর্মীরাই হাতিয়ে নেয় কোটি কোটি টাকা, তাহলে ভরসার জায়গা কোথায়?
রাজস্থানের কোটায় ঘটে গেল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশন ম্যানেজার সাক্ষী গুপ্তা সাধারণ মানুষের ফিক্সড ডিপোজিট থেকে বেআইনিভাবে প্রায় ৪.৫৮ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ৪১ জন গ্রাহকের ১১০টি অ্যাকাউন্ট ব্যবহার করে এই টাকা হাতিয়ে নেন তিনি।
ব্যাঙ্কের ইউজার লিঙ্কড ফিক্সড ডিপোজিট সিস্টেমকে কাজে লাগিয়ে তিনি গ্রাহকদের অজান্তেই টাকা তুলে স্টক মার্কেটে বিনিয়োগ করেন। লক্ষ্য ছিল কম সময়ে মোটা রিটার্ন পাওয়ার, কিন্তু তার বদলে সবটুকুই ডুবে যায়! যাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছিলেন, তাঁদের সে অর্থ ফেরত দেওয়ারও সামর্থ্য ছিল না তাঁর।
চতুরতার সঙ্গে তিনি প্রতিটি গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলে দেন নিজের বা পরিবারের নম্বর দিয়ে, যাতে লেনদেনের কোনও তথ্য গ্রাহকদের কাছে না পৌঁছায়।
ঘটনা প্রকাশ্যে আসে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি, যখন এক গ্রাহক তাঁর ফিক্সড ডিপোজিট ভাঙাতে ব্যাঙ্কে যান। তদন্ত শুরু হলে পুরো প্রতারণার জাল সামনে আসে। শেষ পর্যন্ত, পুলিশের হস্তক্ষেপে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাক্ষী গুপ্তাকে।
এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে—ব্যাঙ্কে জমা টাকা কি আদৌ নিরাপদ?







