বিনোদন

দুর্গাপুজোয় টলিপাড়ায় বড় পর্দার মহাযুদ্ধ! ‘যত কাণ্ড কলকাতাতেই’ কি যুক্ত হবে তালিকায়?

টলিপাড়ার ডিসট্রিবিউশন মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। সূত্রের খবর, দুর্গাপুজোতেই মুক্তি পেতে পারে এই ছবি। ‘অপরাজিত’ ছবির পর দীর্ঘদিন ধরে অনীক দত্তের নতুন ছবির অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবারে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই জল্পনা। ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। গত বছর এই ছবি দুর্গাপুজোয় মুক্তির সম্ভাবনা থাকলেও, তখন ডাবিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এবার সব কাজ শেষ, তাই ফের জোরকদমে আলোচনা শুরু হয়েছে পুজোর মুক্তি নিয়ে।

তবে রয়েছে একটি জটিলতা। পরপর দুবছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার দুর্গাপুজোর ছবিতে দেখা গিয়েছে আবীরকে (‘রক্তবীজ’ ও ‘বহুরূপী’) এবং চলতি বছর আসছে ‘রক্তবীজ টু’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর বিশেষ চুক্তি রয়েছে, ফলে একই সময় অন্য কোনও ছবি মুক্তি পাওয়া কতটা সম্ভব, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রযোজকেরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন ছবিটি পুজোর সময়ই মুক্তি পাওয়ার জন্য। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি, ঘোষণা আসা বাকি।

এবারের পুজোয় মুক্তির তালিকায় ইতিমধ্যেই রয়েছে বড়ো কিছু নাম। দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘুডাকাত’, উইন্ডোজের ‘রক্তবীজ টু’, এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’। এর মধ্যেই যদি অনীক দত্তের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ যুক্ত হয়, তাহলে শো ভাগাভাগি নিয়ে টলিউডে যে এক চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, শেষমেশ দুর্গাপুজোয় কতগুলি ছবি মুক্তি পায় এবং কে কাকে টেক্কা দেয় টিকিটের বাজারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.