জেলা

ফারাক্কা এনটিপিসি-তে ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে আবারও ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাতে কাজ চলাকালীন ২ নম্বর ইউনিটে হট এয়ার গেট পড়ে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শ্রমিক সুশান্ত মণ্ডল, যার বাড়ি ফারাক্কা ব্লকের নিশিন্দা গ্রামে।

তৎক্ষণাৎ সহকর্মীরা তাঁকে বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

দীর্ঘ প্রায় ৮ থেকে ১০ বছর ধরে এনটিপিসিতে কাজ করছিলেন সুশান্ত। হঠাৎ এমন একটি দুর্ঘটনায় কার্যত ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভাইয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বড়দা জানান, এনটিপিসি কর্তৃপক্ষ যেন তাঁদের পাশে দাঁড়ায় এবং সুশান্তের স্ত্রীর জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে।

এনটিপিসির শ্রমিক সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে—কেন বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে প্ল্যান্টে? কীভাবে সুরক্ষাব্যবস্থার এত বড় ঘাটতি থেকে যাচ্ছে? সংগঠনটির দাবি, মৃত শ্রমিকের পরিবারকে দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির ব্যবস্থা করতে হবে।

এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এনটিপিসির মতো বড় প্রকল্প ঘিরে। পরিস্থিতি সামাল দিতে এখন সক্রিয় কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.