জেলা

দীর্ঘ দিনের দাবী পূরণ করলেন মন্ত্রী , শিলান্যাস হল বিরুবাগ সেচ প্রকল্পের ; উপকৃত হবেন ত্রিশ হাজারের বেশি মানুষ !

নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উত্তর খট্টিমারীর বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হলো আজ থেকে। এদিন উত্তর খট্টিমারি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের শুভ শিলান্যাস করেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক।

উল্লেখ্য এই ক্যানেল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। অবশেষে সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হলো। এরফলে উপকৃত হবেন চারটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ত্রিশ হাজারের বেশি মানুষ। পাশাপাশি ১২৪৪ হেক্টর এলাকায় কৃষি কাজে সেচের সুবিধা হবে বলে জানা যায়। এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রাজেশ সিং, জেলা পরিষদের নব নির্বাচিত তিন প্রতিনিধি নূরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য ও দিনেশ মজুমদার সহ স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।

প্রসঙ্গত উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল শিলিগুড়িতে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এরপর গতকাল শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আলিপুরদুয়ারে যান তিনি। আজকে আলিপুরদুয়ার জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর ধূপগুড়িতে আসেন সেচমন্ত্রী। এখান থেকে তিনি কোলকাতার উদ্দেশে বেরিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.