নবান্নের সামনে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়রের। মৃতার নাম নুপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়র হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে, যখন তিনি উপান্ন হলের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
হঠাৎ পিছন দিক থেকে একটি বেপরোয়া টোটো এসে ধাক্কা মারে তাঁকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোর ধাক্কায় ছিটকে পড়ে যান নুপুর দেবী। সজোরে মাথা আঘাত পায় একটি কংক্রিটের দেওয়ালে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তাঁর ডোমজুড়ের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বামী ও পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ সহকর্মীরাও। নবান্ন ও পুলিশ মহলে নেমে আসে গভীর শোক।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। তৎপরতায় নামে শিবপুর থানার পুলিশ। রাতের মধ্যেই গ্রেফতার করা হয় টোটোর চালক-সহ মোট পাঁচজন যুবককে।
এই মর্মান্তিক দুর্ঘটনা প্রশ্ন তুলে দিল নবান্নের মতো উচ্চ সুরক্ষিত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পথ নিরাপত্তা ও বেপরোয়া টোটো চলাচল রুখতে প্রশাসন কী ব্যবস্থা নেবে, সেদিকে নজর রাজ্যবাসীর।







