খেলাধুলা

নেশন্স লিগ ফাইনালের নাটকীয় মহারণ: পেনাল্টি ডুয়েলে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল!

লিসবনের রাতে যেন এক রূপকথার ম্যাচ উপহার পেল ফুটবল বিশ্ব। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদার মঞ্চে—উয়েফা নেশনস লিগ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পরাশক্তি, স্পেন ও পর্তুগাল। প্রথম সেকেন্ড থেকেই খেলা ছিল শ্বাসরুদ্ধকর, নাটকীয়তায় ভরপুর, উত্তেজনায় টানটান।

ম্যাচের শুরু থেকেই স্পেন ঝড়ের বেগে আক্রমণ শানাতে থাকে পেদ্রি, ইয়ামাল ও কুকুরেলার পায়ে ভর করে। অন্যদিকে, নুনো মেন্ডেজ, ভিটিনহা এবং জোয়াও নাভাসরা পর্তুগালের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি পাল্টা কাউন্টার অ্যাটাকে জবাব দিতে থাকেন। ম্যাচ যেন পেন্ডুলামের মতো একবার স্পেন, তো একবার পর্তুগালের দিকে ঝুঁকে যাচ্ছিল।

২১ মিনিটে মার্টিন জুবিমেন্ডির গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু পর্তুগালও জবাব দেয় দ্রুত। ২৬ মিনিটে নুনো মেন্ডেজ গোল করে সমতা ফেরান। এরপর নাটকীয়তা চরমে ওঠে। পেদ্রির পাস থেকে মিকেল ওয়ার্জাবালের দুরন্ত ফিনিশিং—২-১ ব্যবধানে প্রথমার্ধেই ফের লিড নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেজের অফসাইড গোলের পর অবশেষে ৬১ মিনিটে দেখা যায় সেই ‘সিআর৭ ম্যাজিক’। গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যা ছিল হয়তো তাঁর শেষ আন্তর্জাতিক ফাইনাল গোল। এরপর পর্তুগিজ কোচ তাঁকে তুলে নেন মাঠ থেকে।

ম্যাচ যত গড়ায়, ততই জমে ওঠে। স্পেনের আক্রমণ কমলেও, গোলকিপার দিয়োগো কোস্টার দুর্দান্ত সেভ বারবার রক্ষা করে পর্তুগালকে। ৯০ মিনিটে কোনো ফল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও একাধিক সুযোগ তৈরি হলেও আর কোনও গোলের মুখ দেখেনি দুই দল।

সবশেষে, নির্ধারক হয়ে দাঁড়ায় টাইব্রেকার। পেনাল্টির রোমহর্ষক লড়াইয়ে একের পর এক গোল হতে থাকে। কিন্তু মোরাতার শট ফিরিয়ে দেন দিয়োগো কোস্টা। আর সেই সুযোগেই জয়সূচক শটটি নাভাসের পায়ে পর্তুগালকে এনে দেয় কাঙ্ক্ষিত ট্রফি। শেষ বাঁশি বাজার পর রোনাল্ডোর চোখে জল, মাঠেই বসে পড়েন তিনি—জয়ের আনন্দে, আবেগে।

৫-৩ ব্যবধানে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে পর্তুগাল এখন নেশনস লিগ চ্যাম্পিয়ন! গ্যালারি তখন উত্তাল, উল্লাসে ফেটে পড়ে পর্তুগিজ সমর্থকরা। ইউরোপের ফুটবল মানচিত্রে এক নতুন অধ্যায় লিখে দিল এই রাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.