শীঘ্রই মুক্তি পেতে চলেছে একেনবাবু সিরিজের নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’। সেই ছবি ঘিরেই চমকের ওপর চমক দিয়ে চলেছে টিম একেন বাবু। ছবির মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে চিরাচরিত অনির্বাণ চক্রবর্তী-কে। অনির্বাণ যে নিজের জায়গায় সেরা তা একেন বাবুর ফ্যানবেস দেখলেই বোধগম্য হয়। তবে এই ছবির ভিন্ন আকর্ষণের খোঁজ মিলেছে। এই ছবিতে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এর আগে একেন বাবু সিরিজের কোনো ছবিতে দেখা যায়নি শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাই আসন্ন ছবির মাধ্যমেই এই সিরিজের অংশ হতে চলেছেন শাশ্বত।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবিতে একেনবাবু-র গন্তব্য বেনারস। সেই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে। ২১ এপ্রিল প্রকাশ্যে এল অভিনেতার একাধিক লুক।পুলিশ থেকে শুরু করে গল্প দাদু, কখনও বা পার্শি বিভিন্ন লুকে ধরা দিয়েছেন শাশ্বত। প্রত্যেকটা লুকেই তাঁকে চেনা বেশ কঠিন। একই ছবিতে ৯টি লুকে ধরা দিচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সেটা এখনই বোঝা সম্ভব হচ্ছে না। ছবির এক একটি অধ্যায়ে, এক এক রকম লুক তাঁর। প্রত্যেক লুকেই নতুন চমক লুকিয়ে রয়েছে এমনটাই জানাচ্ছেন পরিচালক।







