মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসা নিয়ে হাইকোর্ট-গঠিত কমিটির রিপোর্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, শুধু বেতবোনা এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৩টি বাড়ি। আর সেই ক্ষয়ক্ষতির চিত্র আঁচ করতে গিয়ে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য।
কমিটির রিপোর্ট অনুযায়ী, মালদহে যাঁরা আশ্রয় নিয়েছিলেন, তাঁদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন—তাঁরা নাকি ঘটনাস্থলে উপস্থিত থেকেও নিষ্ক্রিয় ছিলেন।
রিপোর্টে সরাসরি আঙুল তোলা হয়েছে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের দিকে। তাঁর নেতৃত্বেই নাকি ঘটেছে হামলা, এমনই দাবি তদন্তকারীদের। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেহবুব। তাঁর দাবি, “যারা বলছে আমি ভাঙচুর করেছি, তারা প্রমাণ দিক। আমি তো তখন নাদাবপাড়ায় প্রাণ বাঁচাতে লুকিয়েছিলাম। এক শরীরে আমি একসাথে দুই জায়গায় কীভাবে থাকি?”
রিপোর্টে বিধায়ক আমিরুল ইসলামের নাম সরাসরি না থাকলেও, তাঁর ‘তদারকি’ ও ঘটনাস্থলে উপস্থিত থাকার উল্লেখ রয়েছে। এই দ্ব্যর্থবোধকতা ঘিরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।
তিন সদস্যের এই কমিটি মুর্শিদাবাদে গিয়ে সরেজমিনে তদন্ত করে এই রিপোর্ট জমা দেয়। রাজনৈতিক মহলে জল্পনা—এই রিপোর্ট সামনে আসার পর আদৌ কি নিরপেক্ষ তদন্ত সম্ভব? নাকি রাজনীতির ছায়াতেই চাপা পড়ে যাবে হিংসার বাস্তব চিত্র?
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের সচেতন মহলে।







