গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বুধবার ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। মেগা টুর্নামেন্টের সেমিফাইনালে ইংল্যান্ডকে একপেশেভাবে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠল প্রোটিয়ারা। ম্যাচের নায়িকা অধিনায়ক লরা ওলভার্ডট—যাঁর চওড়া ব্যাটে চূর্ণবিচূর্ণ হলো ইংল্যান্ডের বোলিং লাইন-আপ।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল ছিল, তা বোঝা গেল লরার ব্যাটে। ওপেন করতে নেমে ১৪৩ বলে ১৬৯ রানের ঝড়ো ইনিংস খেললেন তিনি, মারলেন ২০টি চার ও ৪টি ছক্কা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনও অধিনায়ক নকআউট পর্বে সেঞ্চুরি করলেন—এ যেন লরার নেতৃত্বের জোরালো জবাব। তাঁর সঙ্গে তাজমিন ব্রিটসের ৪৫ রানের ইনিংস যোগে দক্ষিণ আফ্রিকা গড়ে ৩১৯ রানের পাহাড়।
তার জবাবে ব্যাট হাতে নামতেই ভয়াবহ বিপর্যয় ইংল্যান্ড শিবিরে। ইনিংসের দ্বিতীয় বলেই আউট অ্যামি জোনস, পঞ্চম বলে হেদার নাইট, সপ্তম বলেই ট্যামি বেমন্ট—মাত্র ১ রানে তিন উইকেট! এখানেই শেষ ইংল্যান্ডের লড়াই। ন্যাট স্কিভার-ব্রান্টের চেষ্টা সত্ত্বেও দল আর ঘুরে দাঁড়াতে পারেনি।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের হঠাৎ এই বিপর্যয় যেন ‘চোকার্স’ খেতাবটা ফের অন্য কারও হাতে তুলে দিল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রমাণ করল—ইতিহাস শুধু পুরুষদের হাতেই লেখা হয় না, প্রোটিয়া নারীরাও পারে ক্রিকেট বিশ্ব কাঁপাতে।







