কেরল বিধানসভার অন্দরেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ওনাম উৎসব উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে নাচতে মঞ্চেই প্রাণ হারালেন বিধানসভার এক কর্মী। মৃত ব্যক্তির নাম জুনেস, তিনি পেশায় বিধানসভার লাইব্রেরিয়ান ছিলেন।
সাক্ষীদের দাবি, নাচের মাঝপথে হঠাৎ করেই মঞ্চের উপর লুটিয়ে পড়েন জুনেস। প্রথমে অনেকে ভেবেছিলেন, হয়তো মজার ছলে তিনি পড়ে গিয়েছেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, ঘটনাটি মোটেই স্বাভাবিক নয়।
তৎক্ষণাৎ মঞ্চেই সিপিআর সহ একাধিকভাবে তাঁকে জীবিত করার চেষ্টা চলে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, মঞ্চেই তাঁর মৃত্যু হয়েছে।
এই হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ কেরল বিধানসভা। উৎসবের আবহেই আচমকা এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিধানসভা প্রাঙ্গণে।







