নতুন প্রকল্প নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা “ঢিলেমি নয়, দ্রুত পদক্ষেপ চাই”। আগামীকাল, ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন জনমুখী কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, যা চলবে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবাকে সরাসরি বুথ স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজ্যের প্রতিটি এলাকায় তিনটি করে বুথ মিলিয়ে একটি করে শিবির গড়ে তোলা হবে। ওই শিবিরগুলিতে স্থানীয় মানুষজন এসে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা, যাঁরা সেই সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। শুধু শুনেই থেমে থাকা নয় প্রশাসন পরে ওই এলাকাগুলিতে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবে বলেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি বুথে বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। রাজ্য সরকারের তরফে মোট ৮০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ছোট ছোট রাস্তা নির্মাণ, সেতু সংস্কার, স্কুল উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থাএইসব গুরুত্বপূর্ণ অথচ স্থানীয় স্তরের চাহিদাগুলিই থাকবে অগ্রাধিকার তালিকায়।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলা এবং সমস্যার দ্রুত সমাধান করাই মূল লক্ষ্য। সরকারের এই নতুন উদ্যোগকে ঘিরে ভোটের মুখে বাড়তি রাজনৈতিক লাভের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, একদিকে এই কর্মসূচি তৃণমূলের স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করবে, অন্যদিকে প্রশাসনের তৎপরতায় সাধারণ মানুষের আস্থা বাড়তে পারে। রাজ্যজুড়ে শুরু হওয়া এই প্রকল্পের সাফল্য কতটা হয়, সেটা সময়ই বলবে, তবে ভোটের আগে জনসংযোগে এই ‘ডোর টু ডোর’ প্রশাসনিক উদ্যোগ যে রাজনৈতিক ময়দানে তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।







