রাজনীতি

৬৪ বছরের লাল অধ্যায়ের ইতি, নবগ্রামে তৃণমূলের ক্লিন সুইপ

নিজস্ব সংবাদদাতা: ৬৪ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেড সমবায়ে অনুষ্ঠিত হল প্রথম নির্বাচন। রবিবার এই ঐতিহাসিক ভোটে ৫৬টি আসনের প্রতিটিতেই জয় ছিনিয়ে নিল শাসকদল তৃণমূল কংগ্রেস। নির্বাচন ঘিরে উত্তাল হয়ে ওঠে কোন্নগরের রাজপথ, বিক্ষোভে নামে বিরোধীরা।

ভোটগ্রহণ শুরু হয় রবিবার দুপুর ১২টা থেকে, নবগ্রামের তিনটি স্কুলে গঠিত ১৮টি বুথে। বামপন্থী প্রার্থীরা সমস্ত আসনে প্রার্থী দিলেও, বিজেপি একটি আসনেও প্রার্থী দিতে ব্যর্থ হয়। তবে ভোট শুরু হতেই ব্যাপক অভিযোগ তোলে বামফ্রন্ট। অভিযোগ, ভোটারদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়, চলতে থাকে ছাপ্পা ভোট, জোরপূর্বক বুথ দখলের চেষ্টা। প্রতিবাদে নবগ্রাম নৈটি রোডে বসে পথ অবরোধ করেন বাম কর্মী-সমর্থকেরা।

তবে সমস্ত অভিযোগ নস্যাৎ করে তৃণমূল। দলের নেতা ও নবগ্রাম সমবায়ের প্রাক্তন চেয়ারম্যান মানস রায়ের বক্তব্য, “এটা গণতন্ত্রের জয়। ৬৪ বছরে এই সমবায়ে প্রথমবার ভোট হল। সমস্ত শ্রেণির সদস্যদের নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। আমাদের জয় নিশ্চিত ছিল। বিরোধীরা হার মেনে নিতে না পেরেই মিথ্যে অভিযোগ তুলছে।”

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর হুগলি জেলা সভাপতি অর্ণব রায় বলেন, “তৃণমূলের গুন্ডাবাহিনী বুথ দখল করে ভোট লুঠ করেছে। স্কুলগুলোতে বুথ জ্যাম করা হয়েছে। এ নির্বাচন নয়, একটা প্রহসন। সাধারণ ভোটারদের ভোটাধিকারকেই কেড়ে নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা এই সমবায়ে এবার পুরোপুরি শক্তি হারাল তারা। এক সময় যেখানে লাল ঝান্ডার আলো জ্বলত, সেখানে এবার সবুজের জয়ধ্বনি।

নবগ্রাম সমবায় ভোট ঘিরে রাজনীতির উত্তাপ যেমন বাড়ছে, তেমনি এই জয়কে ঘিরে উচ্ছ্বসিত শাসকদল। অন্যদিকে, বিরোধীরা দাবি করছে—গণতন্ত্রের মুখে কলঙ্ক লেপেছে এই নির্বাচন।

কোন্নগরের এই লড়াই যে আরও দীর্ঘ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.