জেলা

হাওড়ায় অটোচালকের রহস্যমৃত্যু, ডোবা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

রবিবার রাতের অন্ধকারে হাওড়ার বাউড়িয়া এলাকা থেকে উদ্ধার হল এক অটোচালকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাস্থল বাউড়িয়া স্টেশন সংলগ্ন একটি ডোবা। মৃতের নাম পুষ্পেন্দু রায়, বয়স মাত্র ২৮। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুষ্পেন্দু তার পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। জানান, তিনি বাজার থেকে মাংস কিনে ফিরছেন। কিন্তু এরপরই ঘটে বিপর্যয়।

রাত সাড়ে আটটা নাগাদ বাউড়িয়া থানার তরফে পুষ্পেন্দুর পরিবারকে জানানো হয়, অবিলম্বে বাউড়িয়া হাসপাতালে যেতে হবে। সেখানে গিয়েই পরিবার জানতে পারে, পুষ্পেন্দু আর জীবিত নেই। তার নিথর দেহ উদ্ধার হয়েছে ডোবা থেকে। চাঞ্চল্যকর বিষয় হল, পুষ্পেন্দুর অটোটি ঘটনাস্থল থেকে অনেকটা দূরে পড়ে ছিল। কেন বা কীভাবে সে ডোবায় এল, তা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

পরিবারের তরফে স্পষ্ট অভিযোগ উঠেছে, পুষ্পেন্দু কিছুদিন আগেই অটোচালনা নিয়ে একটি বিবাদে জড়িয়েছিলেন। সেই পুরনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, খুন না দুর্ঘটনা—সেই দিকেই এখন কেন্দ্রীভূত তদন্ত।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক তরতাজা যুবকের এই মর্মান্তিক পরিণতির পিছনে সত্যিই কি পূর্বপরিকল্পিত খুন? নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে? তারই খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.