খিদিরপুর অরফ্যানগঞ্জের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছারখার বহু ব্যবসায়ীর স্বপ্ন । প্রায় ১৩০০ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর । এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সোমবার মুখ্যমন্ত্রী , বিধানসভা থেকে সরাসরি ঘটনাস্থলে যান । এদিন ঘটনাস্থলে গিয়ে , ক্ষতিগ্রস্তদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি ব্যবসায়ীদের জন্য অস্থায়ী দোকান করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি মমতা ব্যানার্জির জানিয়েছেন , সরকারের তরফে , নতুন করে বাজারও গড়ে দেওয়া হবে ।
মমতা ব্যানার্জি জানিয়েছেন , “এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সার্ভে শুরু করা হয়নি। তদন্ত তো হবেই। কীভাবে আগুন লাগল, কটা দোকান ক্ষতিগ্রস্ত হল, কার কার নামে দোকান ছিল।” পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন , “সিলিন্ডারগুলোকে মাঝেমধ্যে পরীক্ষা করে দেখতে হবে। জীবনও তো চলে যেতে পারত। এসি মেশিনও দেখতে হবে। মার্কেট এখন সরাতে হবে। নতুন হবে। একটা জায়গা আমরা বেছে রেখেছিলাম, অন্য একটা কাজে, সেখানেই আপাতত বাজার সরানো হোক। সেখানে বাইরের কেউ আসবে না, এখানকার ব্যবসায়ীরাই আপাতত ব্যবসা করবেন।”
এছাড়াও মুখ্যমন্ত্রী , ব্যবসায়ীদের ক্ষতিপূরণ হিসেবে , যাদের দোকান পুরো পুড়ে গিয়েছে , তাদের ব্যবসার জন্য ও কাঁচামাল ক্রয়ের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন । এবং যাদের দোকান আংশিকভাবে বা অর্ধেকভাবে পুড়েছে , তাদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ।







