রাজনৈতিক পালাবদলের সুর আরও একবার তীব্র হল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটাল ব্লকের মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন।
ঘাটালে বিজেপির এক কর্মী সম্মেলনের মঞ্চ থেকেই এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা-কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শ্রী শীতল কপাট। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মী।
আজ বিজেপিতে যোগ দিলেন—
বলরামপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা,
খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী,
ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না, সোনা মল্লিক ও সুদাকর সানকি,
এমনকি খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্তও বিজেপির পতাকা হাতে তুলে নেন।
এই দলবদল ঘিরে বিজেপির ঘাটাল নেতৃত্বের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূলের ভ্রষ্ট ও দিশাহীন রাজনীতিতে মানুষ বিরক্ত। আগামী দিনে আরও বহু তৃণমূল কর্মী ও নেতা বিজেপিতে যোগ দেবেন। এই পরিবর্তনের জোয়ার আর থামবে না।”
অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা বলেন, “দলের ভেতরে দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। জনসেবা করতে এসেছি, তাই বিজেপিকে বেছে নিয়েছি।”
ঘাটাল মহকুমায় এই দলবদলের প্রভাব যে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আনবে, তা মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলও।







