জেলা

চোলাই মদের বিরুদ্ধে ঝাঁটা-লাঠি হাতে জনরোষ, নিচন্যা গ্রামে প্রতিবাদে উত্তাল মহিলারা

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিচন্যা গ্রামে রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠেছে অবৈধ চোলাই মদের কারবার। দিনের পর দিন মিষ্টির দোকান আর কিছু নির্দিষ্ট বাড়ি থেকেই অবাধে চলছে এই বেআইনি ব্যবসা। এর প্রভাব যে কতটা ভয়াবহ, তা টের পাচ্ছেন গ্রামের মানুষজন, বিশেষ করে মহিলারা।

এই মদ্যপান যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কর্মক্ষমতা হারিয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে বহু তরুণ। নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে পুরুষেরা। সংসার চালানোই যেখানে মুশকিল, সেখানে এই সামাজিক অভিশাপ যেন নারীদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে।

এই পরিস্থিতিতে আর চুপ করে বসে থাকতে পারেননি গ্রামের মহিলারা। রাতের অন্ধকারেই হাতে ঝাঁটা, লাঠি নিয়ে রাস্তায় নামেন তাঁরা। একসাথে চোলাই কারবারিদের বিরুদ্ধে গর্জে ওঠেন। তাঁদের একটাই দাবি—এই বেআইনি মদের কারবার অবিলম্বে বন্ধ করতে হবে।

কিন্তু প্রতিবাদের পথ ছিল না সহজ। অভিযোগ, কারবারিরা মহিলাদের উপর চড়াও হয়, বাধা দেওয়ার চেষ্টা করে। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবুও দমে যাননি তাঁরা। দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন—এই লড়াই চলবে যতদিন না চোলাই কারবার বন্ধ হয়।

এখন প্রশ্ন, প্রশাসন কবে নড়ে চড়ে বসবে? কারণ, নিচন্যা গ্রামে আজ যা হচ্ছে, তা যেন কাল না হয় গোটা রাজ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.