নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র । একটা লম্বা সময় জেল হেফাজতে থাকার পর , বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে রয়েছেন কাকু । কিন্তু এবার কাকু এক আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের । কিন্তু কি সেই আর্জি ?
সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যেই মারা যান তাঁর স্ত্রী। এবছর তার স্ত্রীর তৃতীয় মৃত্যু বার্ষিকী । স্ত্রীকে স্মরণ করে কিছু পরিচিতদের নিমন্ত্রণ করে শ্রদ্ধানুষ্ঠানে খাওয়াতে চান সুজয়কৃষ্ণ। তবে তিনি অনুষ্ঠান করতে চান বাড়ির বাইরে কোথাও । মঙ্গলবার এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র।
হাইকোর্টের কাছে আবেদনে সুজয়কৃষ্ণ বলেন, “মানুষকে নিমন্ত্রণ করতে চাই। আমি গৃহবন্দি হয়ে আছি। বাড়িতে কেন্দ্রীয় বাহিনী আছে। এই অনুষ্ঠান তো বছরে একবার আসে।” কাকুর আবেদনে বিচারপতি শুভ্রা ঘোষের প্রশ্ন , “বাড়ির বাইরে কেন? বাড়িতে ডাকতে সমস্যা কোথায়?” তবে শুভ্রা ঘোষ জানান, কোথায় অনুষ্ঠান করা হবে , সেক্ষেত্রে রাজ্যের বলার কোনও জায়গা নেই। উল্লেখ্য , হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে , সুজয় কৃষ্ণ ভদ্র বাড়ির বাইরে , স্ত্রী এর মৃত্যু বার্ষিকী পালন করতে পারবেন কিনা , সেবিষয়ে সিবিআই কে নিজেদের অবস্থান জানাতে হবে শুক্রবারের মধ্যে ।







