ফের দাবদাহে জ্বলবে দক্ষিনবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গ। বৃষ্টি কমবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের ২ থেকে ৩ জেলায়। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনও প্রভাব ফেলবে না।
কলকাতায় আজ কিছুটা স্বস্তির আবহাওয়ায় বিরাজ করবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি থাকবে।সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। ফলে আজ আপনি একটু হলেও শান্তি পেতে পারেন।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু। আর এর প্রভাবেই আরও বেশ কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টির জেরে আজ ১/২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ।







