আগত অস্কারে ভারতের তরফ থেকে কোন কোন সিনেমা পাড়ি দিচ্ছে, তার তালিকা প্রায় তৈরি। শোনা যাচ্ছে রিলিজের আগেই নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’অস্কারে পাড়ি দিতে প্রস্তুত। শোনা গিয়েছে প্রায় চব্বিশটি সিনেমাকে পিছনে ফেলে অ্যাকাডেমি পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে এই সিনেমাকে। আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে ‘হোমবাউন্ড’। এই জয় সিনেমার সঙ্গে জড়িত সকলের জন্য খুব খুশীর খবর। কিন্তু সেই খুশীতে নজর লাগতে বেশী সময় লাগেনি। রিলিজের আগে বিতর্কের মুখে পরিচালক। অভিনেত্রী জাহ্নবী কাপুরকে দলিত মেয়ের চরিত্রে কাস্ট করায় বিতর্কের মুখে নীরজ ঘায়ওয়ান। অনেকের প্রশ্ন,“বলিউডে অভিনেত্রী কি কম পড়েছে, যে একজন ‘নেপোকিড’কে এহেন চরিত্রের জন্য বাছা হল?”
সম্প্রতি এক অনুষ্ঠানে নীরজ এই প্রশ্নের জবাবে জানান,“মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন, কেন জাহ্নবী কাপুরকে দলিত চরিত্রে বেছে নেওয়া হল? আসলে আমাদের দেশে তো সর্বস্তরের মানুষ রয়েছে। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে, অভিনেতা হিসেবে দক্ষ হওয়ার পাশাপাশি চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার খিদে কার মধ্যে রয়েছে?”
নীরজ আরও বলেন,“তিনজনই ভালো অভিনেতা। আমি চেয়েছিলাম ওঁরা প্রত্যেকে নিজেদের আরামদায়ক জীবনযাপন থেকে বেরিয়ে চরিত্রের মধ্যে ডুবে যাক। সেইজন্য প্রথমে ওদের অ্যানাইহিলেশন অফ কাস্ট” বইটি পড়তে দিই। তার পর গ্রামে গ্রামে ঘোরাতে নিয়ে যাই, যাতে বাস্তবটা ওরা ভালোভাবে প্রত্য়ক্ষ করতে পারে। আমি ওদের বলেছিলাম- চরিত্রগুলো তোমাদের কাছে হেঁটে আসবে না। তোমাদের পৌঁছতে হবে চরিত্রের কাছে। নিজেদের আরামের জীবনযাত্রা থেকে বেরিয়ে রূঢ় বাস্তবের মুখোমুখি হতে হবে। ওঁরা সেটা উপলব্ধি করতে পেরেছে। সেইজন্যই ‘হোমবাউন্ড’ ছবিতে ওদের কাস্ট করা হয়েছে।”







