পরিচালক মানেই ছবির শেষ কথা। কিন্তু অনেক সময়ই সেই শেষ কথার ওপর ভর করে আসে সংশয়, মতবিরোধ কিংবা দ্বিধা। কখনও আবার অন্য কারও পরামর্শে বদলে যায় সেই সিদ্ধান্ত। আর সেই বদলেই তৈরি হয় ম্যাজিক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’ তারই উদাহরণ। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ১০ কোটির বেশি আয় করেছে। দর্শকের প্রশংসায় ভাসছে টিম। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির অন্যতম আবেগঘন গান ‘স্মৃতি ফাটলে’। গানটি গেয়েছেন নচিকেতা। অথচ প্রথমে তাঁকে নিয়েই ছিল পরিচালকের আপত্তি।
কৌশিক তাঁর খোলা চিঠিতে অকপটভাবে লিখেছেন, গানটির জন্য প্রথমে অন্য কণ্ঠের কথা ভাবা হয়েছিল। কারণ তাঁর মনে হয়েছিল নচিকেতার বর্তমান কণ্ঠে গানটি তেমনভাবে খুলবে না। কিন্তু অনুপম রায়ের জেদই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে দেয়। অনুপমর অনুরোধে নচিকেতাই গেয়ে ফেলেন গানটি। আর সেই সিদ্ধান্ত যে সঠিক, তা প্রমাণিত হয় রেকর্ডিং শোনার পর। চিঠিতে কৌশিক লিখেছেন,”বাঘ শালা বাঘই থাকে! এমনি এমনি ও নচিকেতা হয়নি।” পরিচালকের মতে, তিনি প্রথমে ভুল করেছিলেন। তাই অনুপমকে খোলাখুলি স্বীকারোক্তি দিয়ে লিখেছিলেন,”আমি ভুল বলেছিলাম, এবার তুই যা ইচ্ছে অ্যারেঞ্জমেন্টে বাজিয়ে নে।”
মধ্যমগ্রামের প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখে পরিচালক আরও অভিভূত হন। তিনি লেখেন, গান শুরু হতেই দর্শক চোখ মুছছিলেন। আর তিনি মুছছিলেন নিজের অহংকার ও ভুল ধারণা। তাঁর বক্তব্য, নচিকেতার গভীরতা আর নিষ্ঠা ছবির ক্লাইম্যাক্সকে অন্য মাত্রা দিয়েছে। সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, তাঁর স্বাধীনতা ছিল আপত্তি করার, কিন্তু নচিকেতার স্বাধীনতা ছিল সর্বস্ব উজাড় করে দেওয়া। সেই স্বাধীনতাই ছবিকে এনে দিয়েছে সাফল্যের নতুন ছাপ। তাই পরিচালক নিজে থেকেই লিখে দিলেন ‘ধূমকেতু’র বিজয়রথে নচিকেতার নাম। এই আবেগঘন খোলা চিঠি প্রমাণ করে, শিল্পীর প্রতি আস্থা ও শ্রদ্ধাই শেষ পর্যন্ত জয়ী হয়। আর সেই জয়গান আজ দর্শকের হৃদয়ে বাজছে ‘স্মৃতি ফাটলে’ হয়ে।







