ক্যামেরার সামনে তখন তিনি দেবী সীতা, আর ক্যামেরার পিছনে একেবারে সাধারণ সাই পল্লবী। কিন্তু অভিনয় করতে করতে কখন যে একটি চরিত্র মানুষের মনে গভীর বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা করে নেয়, তারই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ‘রামায়ণ’-এর শ্যুটিং সেট। আচমকাই অভিনেত্রীর সামনে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন ডায়ালেক্ট কোচ। এমন ঘটনায় প্রথমে অবাক হয়ে যান সাই। পরে কোচের আবেগ দেখে নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে এসে এই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। শ্যুটিংয়ের বিরতিতে তিনি যখন নিজের মতো সময় কাটাচ্ছিলেন, তখনই আচমকা তাঁর ডায়ালেক্ট কোচ এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। কোচের চোখে তখন জল। তাঁর কাছে সেই মুহূর্তে সাই আর শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন না, বরং দেবী সীতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন।
এই ঘটনা অভিনেত্রীকে গভীরভাবে স্পর্শ করে। সাইয়ের কথায়, প্রতিদিনই কোচ তাঁকে সাধারণ একজন মানুষ হিসেবে দেখেন। মেকআপ করা, ফোনে কথা বলা কিংবা শ্যুটিংয়ের প্রস্তুতি নেওয়া—সবই তাঁর চোখের সামনে ঘটে। কিন্তু পর্দায় কোনও চরিত্র যখন মানুষের মনে শ্রদ্ধা ও ভক্তির জায়গা তৈরি করে, তখন অভিনেতা ও চরিত্রের মধ্যে থাকা দূরত্ব যেন মুছে যায়।
সীতার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নিয়েও এর আগে মুখ খুলেছিলেন সাই। তাঁর বক্তব্য, অন্য চরিত্রের ক্ষেত্রে তিনি ভাবেন নিজের অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে কী দিতে পারবেন। কিন্তু সীতার ক্ষেত্রে তাঁর ভাবনা ছিল উল্টো। এই চরিত্রের কাছ থেকে তিনি নিজে কী শিখতে পারবেন, সেটাই ছিল তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শ্যুটিং শুরুর আগে দেবী সীতার কাছে প্রার্থনাও করেছিলেন তিনি।
উল্লেখ্য, ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় যশ। ছবির প্রচার ও সাইয়ের এই আবেগঘন অভিজ্ঞতা ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। অভিনেত্রীর কাছে অবশ্য বক্স অফিসের সাফল্যের বাইরেও দর্শকের এই ভালোবাসা ও শ্রদ্ধাই বিশেষ প্রাপ্তি।







