কলকাতারাজ্য

অপারেশন সিঁদুর ঘিরে বিতর্কে ফের উত্তাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতার

পুজোর ঢাকে কাঠি পড়তেই নতুন করে বিতর্কের আগুন জ্বলল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’—যা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা, এবার সেই থিম নিয়েই পুলিশের ‘চিঠি বোমা’। পুজোর আগে ভিড় নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ, স্টল বসানো—সবকিছুতেই কড়াকড়ি নির্দেশিকা। আর তাতেই চরম ক্ষুব্ধ বিজেপি কাউন্সিলর ও পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ।

সজলের অভিযোগ, “পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক—হয় শুধু আমাদেরই পুজো হয়, নয় তো আমাদের পুজোতেই শুধু ভিড় হয়!” তাঁর দাবি, এই নির্দেশিকা শুধু তাঁদের পুজোকেই নিশানা করে পাঠানো হয়েছে, অন্য কোনও বড় পুজো কমিটিকে নয়। কটাক্ষে তোপ, “আসলে তৃণমূলের সিঁদুরেই অ্যালার্জি!”

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ থিম প্রকাশ্যে আসার ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের নির্দেশিকায় রীতিমতো বিস্মিত উদ্যোক্তারা। সজলের বক্তব্য, “পুলিশ যা বলছে, সব মানলে তো পুজো করাই অসম্ভব হয়ে যাবে!”

এদিকে, পাল্টা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “সজলবাবুর খুশি হওয়া উচিত। বোঝাই যাচ্ছে, সবচেয়ে বেশি ভিড় হয় ওঁর পুজোতেই। প্রশাসন তো শুধু সতর্কতা নিচ্ছে।”

প্রত্যেক বছর নতুন থিম ও বিশাল ভিড়ের জন্যই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো শহরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। কিন্তু প্রতিবছরই কোনো না কোনো বিতর্ক যেন লেগেই থাকে এই পুজোকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম হল না। থিমের আগুনে ঘি ঢেলে দিল প্রশাসনিক নিষেধাজ্ঞা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.