পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকার কুসুমদা গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ। দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কুসুমদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মহম্মদ সাউদ খানের বিরুদ্ধে।
অভিযুক্ত উপপ্রধান শুধু রাজনৈতিকভাবে নয়, পেশাগতভাবে গৃহশিক্ষক হিসেবেও পরিচিত। অভিযোগ, বুধবার সকালে চন্ডীপুর এলাকায় টিউশান পড়ানোর সময় এক ছাত্রীকে পড়া শেষে কিছুক্ষণ বসিয়ে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। আতঙ্কিত ছাত্রী কোনরকমে নিজেকে মুক্ত করে বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানায় পরিবারকে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা কুসুমদা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ, পরিস্থিতি সামাল দিয়ে পরে পঞ্চায়েত অফিস খুলে দেয় প্রশাসন।
পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত সাউদ খান গা ঢাকা দেন। বন্ধ করে দেন মোবাইল ফোনও। অবশেষে রাতেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত উপপ্রধান। তাঁকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনার জেরে শুধু এলাকায় নয়, জেলাজুড়ে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। স্থানীয়দের দাবি, দোষীকে কঠোরতম শাস্তি দিতে হবে, যাতে এমন ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনোরকম শিথিলতা বরদাস্ত করা হবে না।







