আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দগদগে স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ফের আরও এক বড়সড় বিপদের মুখ থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই একটি বিমান। বুধবার বিকেলে ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান ঠিক টেক অফের আগেই হঠাৎ কেঁপে উঠে থেমে যায় রানওয়েতে। যাত্রীদের মধ্যে শুরু হয় চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানানো হয়, ১০ মিনিটের মধ্যেই ফের যাত্রা শুরু হবে। কিন্তু সময় গড়াতে থাকে, বদলায় ব্যাখ্যা।
কখনও বলা হয় পাখির ধাক্কা, কখনও আবার স্রেফ “টেকনিক্যাল ইস্যু”। প্রায় এক ঘণ্টা বিমানেই বসিয়ে রাখা হয় যাত্রীদের। শেষপর্যন্ত লাগেজ বের করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এক বাঙালি যাত্রী জানান, “স্পষ্ট করে কিছু বলছিলেন না। পরে যখন বিমানসেবিকাদের কথোপকথন কানে এল, তখন আঁতকে উঠলাম। তাঁরা বলছিলেন, প্লেনটা যদি উড়ত, তাহলে সেটি হয়তো আকাশেই ভেঙে পড়ত!”
আরও বিস্ফোরক তথ্য মেলে বিমানবন্দরের এক কর্মচারীর কাছ থেকে—জানা যায়, বিমানের একটি টায়ার ফেটে গিয়েছিল। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে অনেক দূর থেকেও তা শোনা গিয়েছে।
প্রশ্ন উঠছে—একাধিকবার কেন এমন ত্রুটি ধরা পড়ছে উড়ানের সময়েই? যাত্রীসুরক্ষার আগে কি সময়সীমা আর লাভের অঙ্ক বড় হয়ে উঠছে?
এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—দেশে বিমান নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁক থেকে যাচ্ছে। ভাগ্য সহায় ছিল বলেই হয়তো এবারও অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ। কিন্তু আগামীতে? সেই প্রশ্নই এখন সকলের মনে।







