নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলস্তর হু-হু করে বাড়ছে রাজ্যের একাধিক নদীতে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে। গতকাল সন্ধ্যাবেলায় ডিভিসি জল ছাড়ে, যার প্রভাব পড়েছে মুণ্ডেশ্বরী নদীর জলস্তরে। নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে এবং তার জেরে প্রবল চাপের মুখে পড়েছে খানাকুলের কাবিলপুর গ্রামের গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকোটি।
গতরাত থেকে জলস্তর বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সাঁকোর কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আজ সকাল থেকেই সাঁকোর কাঠ, বাঁশ ও দড়ির জোড় অংশগুলো কাঁপতে দেখা গেছে। গ্রামবাসীরা আতঙ্কিত— কারণ এই সাঁকোই কাবিলপুর, চব্বিশপুর, লাউসার, পাঁচারুল ও খানাকুলের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম।
যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই সাঁকো। এমন বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিদিন যাতায়াত করা মানুষজন চরম বিপদের মুখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ সংযোগপথ হয়েও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো রকম সতর্কতা বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অন্যদিকে, আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে আরও দুই দিন ভারী বৃষ্টি চলবে রাজ্য ও ঝাড়খণ্ডে। ফলে জলস্তর আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এমতাবস্থায়, অবিলম্বে প্রশাসনিক নজরদারি, বিকল্প যাতায়াত ব্যবস্থা ও সাঁকোটি দ্রুত মেরামতির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। নয়তো আসন্ন দিনগুলোতে হাজারো মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বাকি অঞ্চলের সঙ্গে।







