পূর্ব বর্ধমান জেলার দামোদরের বুকে যেন হঠাৎ করেই ঘটল এক মর্মান্তিক বিপর্যয়। টানা বৃষ্টির প্রভাবে আর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে আচমকাই বেড়ে গেল নদীর জলস্তর। আর তাতেই সোন্দা বালিঘাটে একসঙ্গে তলিয়ে গেল প্রায় ১৫টি বালি বোঝাই লরি। বৃহস্পতিবার সকালে সেই ঘটনাই ধরা পড়ল ক্যামেরায় — বিস্মিত, উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতেই বহু লরি এসে ভিড় করেছিল সোন্দা ঘাটে। কিছু লরি কাজ সেরে ফিরলেও, একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা মাঝপথেই আটকে পড়ে। পিছনে থাকা অন্যান্য লরিগুলিও দাঁড়িয়ে পড়ে। এরই মধ্যে নদীর জলস্তর হু হু করে বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জলের তোড়ে একে একে ডুবে যায় একাধিক লরি।
চালকদের অভিযোগ, তখনই ঘাটে গাজনের চাঁদা নিয়েও গন্ডগোল চলছিল। অথচ কর্তৃপক্ষ কোনও সাহায্য করেনি। পরে একটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়।
একজন স্থানীয় বাসিন্দার চোখে জল: “প্রায় ১৫টা লরি এখন নদীর নিচে। এত বড়ো ঘটনা ঘটল, অথচ এখনো উদ্ধার কাজ শুরু হয়নি!”
গলসি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে লরি চালক ও খালাসিদের নিরাপদে সরিয়ে আনলেও, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন— কবে নদীর তলা থেকে উঠবে এই লরিগুলি?
আরও বৃষ্টি হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া না মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে— এই উদাসীনতাই কি ভবিষ্যতের আরও বড়ো বিপদের ইঙ্গিত দিচ্ছে?







