ইজরায়েল ও ইরানের মধ্যে চলছে প্রবল সংঘাত। যতদিন যাচ্ছে দুই দেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে এই সংঘর্ষ। এমনকি এর মধ্যে সবচেয়ে বেশি খরচের চাপ রয়েছে ইজরায়েলের ওপর। প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে তেলআবিব। এই অতিরিক্ত যুদ্ধ ব্যয়ের প্রভাব পরতে শুরু করেছে দেশের অর্থনীতিতেও।
ইজরায়েলি আইডিএফ বাহিনীর প্রাক্তন আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনাচের মতে বর্তমানে ইজরায়েল প্রতিদিন প্রায় ৭২৫ মিলিয়ন মার্কিন ডলার সামরিক অভিযানের জন্য ব্যয় করছে।
সংঘাতের প্রথম দুই দিনেই ইজরায়েল প্রায় ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার খরচা হয়ে গেছে। এর মধ্যে রয়েছে আক্রমণ ও প্রতিরক্ষার খরচ। যার জন্য শুধু বিমান হামলা, জেট জ্বালানির জন্যই ৫০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।
ইরানের উপর প্রথম বড় আক্রমণে ব্যবহৃত বিমান ও অস্ত্র, যার খরচ প্রায় ৫৯৩ মিলিয়ন ডলার। সেই সঙ্গে রিজার্ভ বাহিনী মোতায়েন ও আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার ব্যয়ও জুড়েছে তালিকায়।
আমিনাচ আরও জানিয়েছেন, এই সব কেবল যুদ্ধের প্রত্যক্ষ খরচ। প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। কারণ অর্থনীতি, জাতীয় উৎপাদনশীলতা, অসামরিক সম্পত্তি, ব্যবসায়িক ক্ষতি ও জিডিপি-র পতন— এই পরোক্ষ খরচ এখনই পুরোপুরি হিসাব করা সম্ভব নয়।
ইতিমধ্যে ইজরায়েলের অর্থ মন্ত্রক চলতি বছরের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। আগে ২০২৫ সালের জন্য জিডিপি-র পূর্বাভাস ছিল ৪.৩ শতাংশ, তা কমিয়ে ৩.৬ শতাংশ করা হয়েছে। চলতি বছরে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রাও ৪.৯ শতাংশ থেকে বাড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও জরুরি তহবিল আগে থেকেই আলাদা করে রাখা ছিল, তার বেশিরভাগই ইতিমধ্যেই গাজা যুদ্ধের সময় খরচ হয়ে গিয়েছে। এখন নতুন করে অর্থের সংস্থান করতে হিমশিম খাচ্ছে সরকার। এভাবে চলতে থাকলে দেশের আর্থিক স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা।







