জেলারাজনীতি

তৃণমূলে সাংগঠনিক রদবদল: শুভেন্দুর গড়ে বদলের ঝড়, যুব নেতৃত্বে বদল ঘিরে বিতর্ক

পূর্ব মেদিনীপুরের তৃণমূল সংগঠনে বড়সড় রদবদল। কাঁথি ও তমলুক—দুই সাংগঠনিক জেলার যুব সভাপতি পদে এসেছে পরিবর্তন। কাঁথির সভাপতি পদ থেকে সরে গেলেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন খেজুরির যুব নেতা জালালউদ্দিন খাঁন। তমলুকে যুব সভাপতির আসনে বসানো হল ছাত্রনেতা প্রসেনজিৎ দে-কে।

শুধু যুব নয়, মহিলা ও শ্রমিক সংগঠনেও এসেছে বড়সড় বদল। তমলুকে মহিলা সভানেত্রী হয়েছেন শিবানী দে কুণ্ডু, কাঁথিতে শতরূপা প্যায়রা। তমলুকের শ্রমিক সংগঠনে গঠিত হয়েছে ৯ সদস্যের কোর কমিটি, আর কাঁথিতে বিকাশ বেজের জায়গায় দায়িত্ব পেলেন শিবরাম মাইতি।

সুপ্রকাশ গিরি নিজের অপসারণকে ‘স্বেচ্ছায়’ বললেও, তাঁর বক্তব্যেই ধরা পড়ল চাপা হতাশা। তাঁর মতে, “এই জেলায় সংগঠন খুব একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নেই। নির্বাচনের আগে এভাবে রদবদল বিপাকে ফেলতে পারে দলকে।” সুপ্রকাশের স্পষ্ট অভিযোগ, নতুন নেতৃত্ব যথেষ্ট অভিজ্ঞ না-ও হতে পারেন, যা সংগঠনের পক্ষে ক্ষতিকর।

অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানালেন, এটি রাজ্যজুড়ে দলীয় রদবদলের অঙ্গ। তাঁর কথায়, “নতুন নেতৃত্বে দল আরও ভালো কাজের আশা করছে।”

তৃণমূলের এই পরিবর্তনকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য কমিটির সদস্য অসীম মিশ্র। তাঁর বক্তব্য, “তৃণমূলে পদ মানে টাকার খেলা। কে কত টাকা দিতে পারবে, সেই দেখেই নেতা নির্বাচন হয়।”

শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের এই অভ্যন্তরীণ বদল যে ভোটের আগে বাড়তি চাপ তৈরি করতে চলেছে, তা একাধিক মহলের ধারণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.