রাজনীতিরাজ্য

ফের উত্তাল রাজ্য বিধানসভা! চার বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে চরম নাটকীয়তা

সোমবার বিধানসভায় ফের উত্তেজনার পারদ চড়ল। এক ঝটকায় চার বিজেপি বিধায়ক—অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওঁরাও—কে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গোটা অধিবেশনকালীন এই সাসপেনশন ঘোষণা হতেই সভাকক্ষে শুরু হয় তীব্র বিক্ষোভ ও ধস্তাধস্তি।

সূত্রের খবর, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্ন তোলেন কেন আগের অধিবেশনে বিজেপি বিধায়কদের বক্তৃতা এক্সপাঞ্জ বা মুছে ফেলা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই তা হয়েছে। এরপরই উত্তাল হয়ে ওঠে অধিবেশন। কাগজ ছিঁড়ে, টেবিল-মাইক ভেঙে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগানে গর্জে ওঠেন তৃণমূল বিধায়করা।

অধ্যক্ষ পরিস্থিতি শান্ত করতে বললেও কোনও কাজ হয়নি। শেষমেশ, বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখতে চার বিজেপি বিধায়কের সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের সভাকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে দেন মার্শালরা।

সাসপেনশনের পরেই বিধায়করা গাড়ি বারান্দায় এসে বিক্ষোভ শুরু করেন। ‘চুপ! বিধানসভা চলছে’—এই বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে শাসকদলের বিরুদ্ধে স্লোগানে মুখর হন তাঁরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধিবেশনে এ ধরনের উত্তেজনা নজিরবিহীন। বিধানসভার ভিতর থেকে বাইরে—সব জায়গাতেই এখন তীব্র রাজনৈতিক চাপানউতোর, যার জেরে রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.