আজ অর্থাৎ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের ২৫তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারও মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে শাসকদলের শাসক দলের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলার মেয়ো রোডে আয়োজিত সমাবেশে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফলে সকাল থেকে যানজট-মুক্ত ট্রাফিক ব্যবস্থা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। যার জেরে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা।
দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সামাজিল মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠ-বিহীন নিত্য কালের ডাক। সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এতে আমি গর্বিত। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও শক্তি বিষয়টি আমি বুঝতে পারি। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মনের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারকে আমি কুর্ণিশ জানাই। উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্র, মূল্যবোধ ও অগ্রগতির হয়ে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন।’







