কলকাতা হাই কোর্টে আবারও ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানে চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে এবং সেই বোর্ডের রিপোর্ট শুক্রবার হাই কোর্টে জমা দিতে হবে।
শুনানির সময় অভিষেকের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যেতে আগ্রহী নন। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি বিদেশে চিকিৎসা করাতে চান। তবে আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসা কোথায় হবে, তা নির্ধারণ করা আদালতের কাজ নয়। আদালত বা অন্য কেউ চিকিৎসা বিশেষজ্ঞও নন। বর্তমানে আবেদনকারীর যথাযথ চিকিৎসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আদালত আরও জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হেয়ার স্ট্রিট থানার একটি মামলার শুনানি অন্য বেঞ্চে চলছে এবং সেখানে তিনি অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন। পাশাপাশি তিনটি এফআইআর-সংক্রান্ত আরেকটি মামলারও শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা। বিচারপতি বলেন, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার পক্ষে আদালতের কাছে পর্যাপ্ত কারণ উপস্থাপিত হয়নি। সেই কারণেই বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে বিচারাধীন এই মামলাটি খারিজ করার সিদ্ধান্তও জানায় হাই কোর্ট।
প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ার সুযোগ নেই। প্রথমে ২৯ জুলাই আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কী, যখন কলকাতাতেই উন্নত চোখের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেই সময়ই এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের সম্ভাবনার কথা জানিয়েছিল আদালত। পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি ফের কলকাতা হাই কোর্টে ফিরে আসে।







