বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা সেকেন্দার খানের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নাসিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাসিম নিজেও তৃণমূল নেতা এবং ইতিমধ্যেই এই মামলায় তার দুই পুত্র হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে আটক করা হয়েছিল। এবার তাদের পরই ধরা পড়লেন বাবা নাসিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুরুলিয়ার মানবাজার থানার পাথরকাটা গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে নাসিমকে আটক করা হয়। পুলিশের নজর বুঝতে পেরে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাকে পাকড়াও করা হয়। ধৃতকে রাতভর জিজ্ঞাসাবাদ করার পর বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। তবে এখনও হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ মেলেনি।
ঘটনা ঘটে সোমবার রাতে। সেকেন্দার খান বাইকে করে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ময়নাতদন্তে তার দেহে তিনটি গুলির আঘাতের চিহ্ন মিলেছে, যার মধ্যে দুটি বুলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ অনুমান করছে, ৭.৬৫ মিমি বোরের অটোমেটিক রিভলভার থেকে গুলি চালানো হয়েছিল।
তদন্তে জানা যাচ্ছে, ছয় মাস আগে গোষ্ঠী সংঘর্ষে নাসিম গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সে ঘটনার জন্য সেকেন্দারকে দায়ী করা হয়েছিল। সেকেন্দার তখন গ্রেফতার হয়েছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান। অভিযোগ, প্রতিশোধ নিতে নাসিম ও তার অনুগামীরা এই হত্যার ছক কষে। পুলিশ খতিয়ে দেখছে, ঘটনাস্থলে নাসিম ও তার দুই ছেলে উপস্থিত ছিলেন কি না, নাকি তারা শুধুই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, প্রথম দিনেই আমরা দুই অভিযুক্তকে আটক করি। পরে পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় নাসিমকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কারও যোগসূত্র পাওয়া যেতে পারে।







