পশ্চিম এশিয়ায় চলা রক্তক্ষয়ী সংঘর্ষে অবশেষে বিরতি! ইরান ও ইজরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা উত্তপ্ত যুদ্ধের ইতি টানতে যুদ্ধবিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি জানান, “সবাইকে অভিনন্দন! ইরান ও ইজরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
তবে এই ঘোষণার মধ্যেই তেহরানে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, “আগামী ছ’ঘণ্টার মধ্যেই সব অভিযান শেষ হবে। ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ সম্পূর্ণ শেষ বলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে।” এই ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে আশার আলো।
সূত্রের খবর, যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল আমেরিকার তরফ থেকে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল-থানির মধ্যস্থতায় ইরানকে রাজি করানো হয়। কিছু ঘণ্টা আগেই কাতারে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। তার পরেই এই উদ্যোগ।
হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ইজরায়েল ইরানকে জানিয়েছে—তারা হামলা না চালালে, তারাও আর আক্রমণ করবে না। ইরান থেকেও এসেছে একই বার্তা—চুক্তি এখনও স্বাক্ষরিত না হলেও, যুদ্ধ বন্ধের পথে তারা এগোচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে অভিহিত করেছেন ‘The 12 Day War’ নামে। তাঁর মন্তব্য, “এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত। কিন্তু এখন সময় এসেছে শান্তির। ঈশ্বর আশীর্বাদ করুন ইরান, ইজরায়েল ও গোটা বিশ্বকে।”
বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন এই যুদ্ধবিরতির ভবিষ্যতের দিকে। শান্তি স্থায়ী হয় কি না, সেটাই দেখার।







