ক্রাইমরাজ্য

প্রকাশ্য রাস্তায় যুবতীকে শ্লীলতাহানি দক্ষিণ বেঙ্গালুরুতে, সিসিটিভি-তে ধরা পড়ল নারকীয় দৃশ্য!

দক্ষিণ বেঙ্গালুরুর রেনুকা ইয়েল্লাম্মা লে-আউট এলাকায় রবিবার বিকেলে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা—প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল মাতাল যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা নারকীয় কাণ্ড। চিৎকার, প্রতিবাদ, হেনস্থা আর নিস্তব্ধতা—সব মিলিয়ে কেঁপে উঠেছে আনেকাল তালুকের মাইলাসন্দ্রা এলাকা।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিকেল চারটে নাগাদ বাজার করতে বেরিয়েছিলেন ওই যুবতী। আচমকাই রাস্তায় ঝগড়ায় লিপ্ত কয়েকজন মাতাল যুবক তাঁকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ছুঁড়ে দেয়। প্রতিবাদ করতে গেলেই শুরু হয় শারীরিক নিগ্রহ। ঘিরে ধরে ছোঁয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। একাধিকবার চেষ্টার পর আত্মরক্ষায় একজনকে লাথিও মারেন তিনি।

তরুণীর গলায় ভয় আর প্রতিবাদের মিশেল—
“আমি ওদের চিনতাম না। ওরা মদ খেয়ে মাতাল ছিল। আমি প্রতিবাদ করায় আমাকেই মারধর করে।”
শুধু তাই নয়, আশপাশে যাঁরা বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁদের উপরেও চড়াও হয় ওই দুষ্কৃতীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ফের তাণ্ডব চালাতে আসে অভিযুক্তরা। ওই তরুণীর বাড়ির গেট অবধি গিয়ে হুমকি দেয় এক যুবক। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বাঁচেন তিনি। রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

বেঙ্গালুরু পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই একজন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির সাহায্যে বাকিদের শনাক্ত করা হয়েছে, শিগগিরই তাদেরও আটক করা হবে।

প্রশ্ন উঠছে—এই শহরের নিরাপত্তা কোথায়? দিনের আলোয় যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন রাতের আঁধারে কী অপেক্ষা করে সাধারণ মানুষের জন্য?

এক সপ্তাহ হল মাত্র ওই এলাকায় এসেছেন তরুণী। অপরিচিত এক নতুন শহরে, নিরাপত্তাহীনতায় ঘেরা এই প্রথম অভিজ্ঞতা যেন তাঁর জীবনে ভয়াবহ এক দুঃস্বপ্ন হয়ে উঠল।

পুলিশি তদন্ত চলছে, কিন্তু সমাজের জবাবদিহি কি শেষ? নারীর প্রতি এই বীভৎস মানসিকতা কবে থামবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.