বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারকে ঘিরে রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে বহু মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন। অন্যদিকে সমাজের একটি অংশ প্রশ্ন তুলছে, গোটা ঘটনাটি কতটা আইনসম্মত ও যুক্তিযুক্ত ছিল। কারও কারও দাবি, প্রকৃত সত্য চাপা দিতেই কি প্রভাস মণ্ডলকে সরিয়ে দেওয়া হল? এমন প্রশ্ন তুলেছেন প্রবীণ বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী।
এই মন্তব্যগুলির কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বুদ্ধিজীবীর মুখোশ পরে এরা সমাজবিরোধীদের পক্ষ নেয়। কোনও অপরাধী শাস্তি পেলেই এরা প্রতিবাদে নেমে পড়ে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি।” এরপর আরও আক্রমণাত্মক সুরে তিনি দাবি করেন, “কমিউনিস্ট এবং তথাকথিত বুদ্ধিজীবীদের জন্যই অপরাধ বাড়ছে। এদের মাথায় ডিম ছুড়ুন।” যদিও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এ ধরনের মন্তব্য বা আচরণের বিরোধিতা করে জানিয়েছেন, “এটা বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়।”
প্রসঙ্গত, বারুইপুরের ঘটনাটি সামনে আসার পরই রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয় এবং চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল।
এদিকে প্রভাসের মা ও স্ত্রী জানিয়েছেন, “অপরাধ করেছে, তাই শাস্তি পেয়েছে।” একইভাবে কামদুনি ও হাঁসখালির নির্যাতিতাদের পরিবারের সদস্যরাও এই এনকাউন্টারে সন্তোষ প্রকাশ করেছেন। তবে সমাজের আরেকটি অংশের দাবি, এই ঘটনায় এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এবং কাউকে আড়াল করার চেষ্টা হয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে অনেকেরই মত, “এ ধরনের কঠোর শাস্তিই ভবিষ্যতে অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং অপরাধ কমাতে সাহায্য করবে।”







