দেশ

অগস্টেই শুরু জনগণনার প্রথম ধাপ, ৩৪ প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের; ফেব্রুয়ারিতে চূড়ান্ত গণনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে শুরু হতে চলেছে নতুন জনগণনা প্রক্রিয়া। কোভিড মহামারির কারণে পিছিয়ে যাওয়া এই কর্মসূচির প্রথম ধাপ শুরু হবে আগামী অগস্ট মাসে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে গণনাকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে তাঁদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ, স্বগণনা (সেলফ এনিউমারেশন) প্রক্রিয়ায় নাগরিকদের সহায়তা এবং তথ্য যাচাইয়ের নিয়ম শেখানো হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে স্বগণনার পর্ব। এই সময়ে নির্দিষ্ট অনলাইন পোর্টালে প্রতিটি পরিবারকে নিজেদের তথ্য জমা দিতে হবে। ফর্ম পূরণ শেষে নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে তথ্য যাচাই করা হবে। যাঁদের প্রয়োজন হবে, তাঁদের এই প্রক্রিয়ায় সাহায্য করবেন গণনাকর্মীরাই।

এরপর ১৬ থেকে ৩১ অগস্ট পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে জমা দেওয়া তথ্য যাচাই করবেন গণনাকর্মীরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে জনগণনার চূড়ান্ত পর্ব। প্রত্যেক গণনাকর্মীকে গড়ে ১৫০ থেকে ১৮০টি পরিবারের তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি স্যাটেলাইট ম্যাপিংয়ের সাহায্যেও এলাকাভিত্তিক তথ্য মিলিয়ে দেখা হবে।

স্বগণনার ফর্মে মোট ৩৪টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ির নির্মাণের ধরন, পরিবারের সদস্যসংখ্যা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ, শৌচালয়, রান্নার জ্বালানি, এলপিজি সংযোগ, ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, যানবাহন, খাদ্যাভ্যাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও পরিবারের সদস্যদের লিঙ্গ, সামাজিক শ্রেণি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, দেশে শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। নিয়ম অনুযায়ী ২০২১ সালেই নতুন জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। নতুন এই জনগণনার মাধ্যমে শুধু জনসংখ্যার হিসেবই নয়, দেশের মানুষের জীবনযাত্রা, মৌলিক পরিষেবা এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার সামগ্রিক চিত্র উঠে আসবে। ভবিষ্যতের বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্প, উন্নয়ন পরিকল্পনা এবং নীতিনির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.