বিনোদন

গ্রামীণ রাজনীতি আর আবেগের নতুন মোড়ে ‘পঞ্চায়েত সিজন ৪’, কমেডির চেয়ে এবার জোর রাজনীতিতে

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ লকডাউনের নিস্তরঙ্গ জীবনে একসময় নতুন প্রাণ এনে দিয়েছিল। ফুলেরা গ্রামের সাদাসিধে মানুষ আর মজার কাহিনির স্রোতে দর্শকরা ছিল মোহিত। এবার সেই ধারাবাহিকতার চতুর্থ অধ্যায় এসেছে ভিন্ন আবহে।

পঞ্চায়েত সিজন ৪ শুরু হয়েছে সিজন ৩-এর শেষ থেকে। গুলিবিদ্ধ প্রধানজি (রঘুবীর যাদব) শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক আঘাত পিছু ছাড়েনি। সচিবজি (জিতেন্দ্র কুমার) জড়িয়ে পড়েছেন আদালত ও প্রশাসনিক টানাপোড়েনে, যার উৎস বিধায়কের সঙ্গে দ্বন্দ্ব। অন্যদিকে গ্রামে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড়। এবার মঞ্জুদেবী (নীনা গুপ্তা)-র বিরুদ্ধে দাঁড়িয়েছেন বনরাকসের স্ত্রী ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)। তাঁদের গোষ্ঠী বনরাকসকে নিয়ে প্রধানজি শিবিরের নাকাল অবস্থা। রাজনীতিতে তৎপর বিধায়কও যোগ দিয়েছেন বিরোধী দলে।

এই সিজনে হাসির চেয়ে রাজনীতির জট বেশি। কোথাও হতাশা, কোথাও উত্তেজনা, সব মিলিয়ে তৈরি হয়েছে আবেগময় গ্রামীণ ছবি। সচিবজি ও রিঙ্কির প্রেমের গল্প যদিও আগায়নি, বরং তা একটু ফাঁপা বলে মনে হতে পারে। অভিনয়ে বরাবরের মতোই উজ্জ্বল জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, ও ফয়সাল মালিক। তবে বিনোদের ভূমিকায় অশোক পাঠকের শেষ পর্বে আবেগঘন অভিনয় নজর কাড়ে। যাঁরা আগের সিজনের ভক্ত, তাঁদের জন্য এই সিজনও দেখার মতো। তবে যারা শুধুই হালকা মেজাজের কমেডি খোঁজেন, তাঁদের ধৈর্য ধরে দেখতে হবে গ্রামীণ রাজনীতির ধূসর দিক।

রেটিং – ৪/৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.