প্রায় দেড় দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে মঞ্চে উঠলেন বাংলা আধুনিক গানের দুই কিংবদন্তি কবীর সুমন ও অঞ্জন দত্ত। ২২ আগস্ট, ২০২৫ কলকাতার কলামন্দিরে আয়োজিত কনসার্টটির আবেগঘন নামই ছিল ‘অনেক দিন পর’। নয়ের দশক থেকে শুরু করে নতুন সহস্রাব্দের গোড়ায়, তাঁদের গানের সুরেই বড়ো হয়েছে এক প্রজন্ম। তাই স্বাভাবিকভাবেই দর্শক-শ্রোতার আগ্রহ ছিল তুঙ্গে, আর তার প্রমাণ মিলল কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে। নস্টালজিক গানের আবহে ডুবে ছিলেন উপস্থিত সবাই, সঙ্গে ছিল কিছু চমকও। সাংস্কৃতিক মহলের অনেকে একে বাংলা গানের ইতিহাসের পুনর্জাগরণ বলেই অভিহিত করেছেন।
কিন্তু এই ঐতিহাসিক সন্ধ্যার মধ্যেই জন্ম নিল এক বিতর্ক। কনসার্ট শেষে ফেসবুকে অঞ্জন দত্তের রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয় জোর জল্পনা। তিনি লিখেছেন,”হাফ চকোলেট এর পর হাফ টিকিট, কলকাতায় দিব্যি করে খাচ্ছে!” খোঁজ নিয়ে জানা যায়, শো-তে উপস্থিত ছিলেন এক খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক। মাঝপথে প্রেক্ষাগৃহ ত্যাগ করার পর আয়োজকেরা তাঁর কাছে টিকিটের দাম চান। অভিযোগ, তখন তিনি জানান যেহেতু অর্ধেক অনুষ্ঠানই দেখেছেন, তাই অর্ধেক অর্থই দেবেন এবং ঠিক সেটাই করেন। দামি টিকিটের কেবল অর্ধেক মূল্য মিটিয়ে চলে আসেন তিনি।
এই ঘটনা নাকি অঞ্জন দত্তকে ব্যথিত করেছে। গানের মঞ্চে যেখানে দর্শক-শ্রোতারা উপভোগ করলেন এক বিরল যুগলবন্দি, সেখানে ‘হাফ টিকিট’ কাণ্ড হয়ে উঠল তিক্ত অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়াতেও মিলছে সমালোচনার ঝড়। অনেকে লিখেছেন,”শো মানে তো সম্পূর্ণ অভিজ্ঞতা, হাফ টিকিট বলে কিছু হয় না।” ইতিহাসের অংশ হয়ে রইল সুমন-অঞ্জনের যুগলবন্দি। কিন্তু এর ফাঁকেই এক পরিচালক ও তাঁর ‘হাফ টিকিট’ আচরণ গড়ে তুলল বিতর্কের নতুন অধ্যায়।







