জেলা

উন্নয়নের পাঁচালিতে অস্বস্তি, ‘চোর চোর’ স্লোগানে তাড়া খেলো তৃণমূল বিধায়ক

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। এই আবহে রাজ্যজুড়ে গ্রামে গ্রামে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে শুরু হয়েছে শাসকদলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি। তবে সেই কর্মসূচিতেই চরম অস্বস্তিতে পড়লেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট।

শনিবার বেলা প্রায় বারোটা নাগাদ নারায়ণগড়ের কসবা এলাকায় কসবা কমিউনিটি হলে আয়োজিত ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিতে যোগ দিতে যান বিধায়ক। অভিযোগ, এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল তৃণমূলের দলীয় পতাকা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় গাড়িতে চেপে কোনওরকমে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন বিধায়ক।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কসবা এলাকার পুরনো তৃণমূল কর্মীদের বাদ দিয়েই ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, দলের কর্মীরাই বিধায়ককে তাড়া করে ‘চোর, চোর’ স্লোগান দেন। বিক্ষোভের মুখে কার্যত এলাকা ছেড়ে চম্পট দেন সূর্যকান্ত অট্ট।

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি বিধায়ক সূর্যকান্ত অট্ট। শাসকদলের তরফেও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যাঁদের টাকা চুরি হয়েছে, তাঁদের মধ্যে অনেক তৃণমূল কর্মীই রয়েছেন। যাঁরা টাকা চুরি করেছেন, তাঁরাও তৃণমূলেরই লোক। এটা এখন সবার জানা। ফলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। বাংলার মতোই নারায়ণগড়েও পরিবর্তন চাইছেন প্রকৃত তৃণমূল কর্মীরাও।”

নির্বাচনের আগে শাসকদলের ভিতরের এই অস্বস্তি ও প্রকাশ্য বিক্ষোভ রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.