হেডিংলেতে ভারতকে রেকর্ড রান তাড়া করে হারিয়ে এক ঝলকে ইতিহাস লিখল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য পূরণ করে ৫ উইকেটে জিতে নিল প্রথম টেস্ট। আর এই অবিশ্বাস্য জয়ের পেছনে দু’টি প্রধান কারণের কথা জানালেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস—সঠিক মানসিকতা ও দলের প্রতি দায়বদ্ধতা। সমালোচনার মুখেও নিজের সিদ্ধান্তে অনড় থেকে বাজিমাত করেছেন তিনি।
ম্যাচের পর স্টোকস বলেন, “আমরা জানতাম এই রান তাড়া করা সম্ভব, যদি মানসিকভাবে স্থির থাকি। দলে সবাই একসঙ্গে লড়েছে, যার ফল জয়ের রূপে এসেছে। ব্যাটিংয়ের জন্য উইকেট ভাল ছিল, কিন্তু ভারতের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দেওয়াও আমাদের পক্ষে যায়।”
স্টোকসের টসে জিতে বোলিং নেওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন অনেক প্রাক্তনী। সেই বিষয়ে জবাব দিতে গিয়ে বলেন, “টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখা উচিত নয়। ভাগ্যের সাহায্য দু’দলই পেয়েছে। ক্যাচ পড়েছে, চাপও ছিল। কিন্তু চাপ সামলানোতেই তো আসল পরীক্ষা।”
সাবেক অধিনায়ক মাইকেল ভনের মত অনুযায়ী ‘বাজ়বল উইথ ব্রেনস’ বলেই বর্ণনা করা হয়েছে এই জয়কে। স্টোকস বলছেন, “চাপের মুখে মাথা ঠান্ডা রাখা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া—এসবই আমাদের এই জয় এনে দিয়েছে। আমি আর বাজ় (ম্যাকালাম) সব কিছু সহজভাবে নিতে পছন্দ করি।” এমন নির্ভরতার প্রতিমূর্তি হয়ে উঠছে স্টোকসের ইংল্যান্ড।







