আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘প্রায় দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না।’
উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই বাংলায় আসেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকবার তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি নিয়ে আক্রমণাত্ম মন্তব্যে সামিল হন তিনি। জবাবে রাজ্য শাসকদলও বিজেপিকে নিশানা করে। পূর্বে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের চ্যালেঞ্জ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বঙ্গ বিজেপিও। দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্যের উবাচ, ‘আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জমা দিন। দেবেন মুখ্যমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এ কথা তো রাজ্য সরকারের সচিবেরা কেন্দ্র সরকারকে বলতে পারলেন না! আদালতে বলতে পারলেন না।’
শমীকের সংযোজন, ‘আসলে তৃণমূল অন্তঃসারশূন্য হয়ে পড়েছে। তৃণমূল রাজনৈতিক ইস্যুহীনতায় ভুগছে। নির্বাচনটা লোকসভা নির্বাচন। এই নির্বাচন কলকাতা থেকে দিল্লি যাওয়ার নির্বাচন। দিল্লি থেকে কলকাতায় ফিরে আসার নির্বাচন নয়। যে অভিযোগ তিনি বার বার করেছেন, মানুষ তা গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন। তাই এ ধরনের কথার কোনও প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না।’







