নতুন প্রতিযোগিতার মঞ্চে স্টারলিঙ্ককে টেক্কা দিতে মাঠে নামল রিলায়েন্স জিও। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পরও, ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক এখনও ভারতের বাজারে পা রাখেনি। সেই ফাঁকেই নিজেদের আধুনিক প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা আরও শক্তিশালী করতে এক নতুন পণ্য বাজারে আনল জিও।
রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করেছে তাদের অত্যাধুনিক Wi-Fi 6 রাউটার – Jio AX6000 Universal Router। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই রাউটারটির মূল্য রাখা হয়েছে প্রায় ৬ হাজার টাকার মধ্যে। কোম্পানির দাবি অনুযায়ী, এই রাউটার ব্যবহার করে গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন।
এই রাউটারের বিশেষত্ব হল, এটি Wi-Fi 6 প্রযুক্তিতে নির্মিত, যা তুলনামূলকভাবে আরও বেশি ডেটা ট্রাফিক সামলাতে সক্ষম এবং একসঙ্গে ১০০টি ডিভাইস সংযুক্ত রাখার ক্ষমতা রাখে। জিও জানিয়েছে, এই রাউটার ব্যবহারে গ্রাহকেরা ৬ Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড পেতে পারেন, যা অফিস কিংবা ঘরের ইন্টারনেট ব্যবহারের জন্য যথেষ্ট।
দুটি ব্যান্ডে (২.৪ GHz ও ৫ GHz) কাজ করার সুবিধা, উন্নত পাসওয়ার্ড সুরক্ষা, এবং ল্যান ক্যাবল ছাড়াই উচ্চগতির ইন্টারনেট, সব মিলিয়ে এই রাউটার এখন নজরে টেকপ্রেমীদের। অনেকেই মনে করছেন, স্টারলিঙ্কের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেটকে টেক্কা দিতেই এই নতুন উদ্যোগ নিয়েছে জিও। ফলে ভারতের ইন্টারনেট বাজারে এবার আরও জমজমাট প্রতিযোগিতা দেখা যেতে চলেছে।







