মালদার মানিকচক এলাকায় একটি বেসরকারি মিশনারি স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল (১৩)। দীর্ঘ তিন বছর ধরে সে ওই বিদ্যালয়ের আবাসিকে থেকে পড়াশোনা করছিল। গভীর রাতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের পর, বিদ্যালয় কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলে দাবি করলেও, পরিবারের অভিযোগ — এটি পরিকল্পিত মৃত্যু এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারের ফলেই এই ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মানিকচকের রোজমেরি মিশনারি স্কুলে। শ্রীকান্তের রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারাও। তেরো বছর বয়সের এক ছাত্র হঠাৎ কেন আত্মঘাতী হবে, তা মানতে নারাজ পরিবার। ইতিমধ্যেই মানিকচক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বিদ্যালয়ে। তদন্ত শুরু হয়েছে। ছাত্রের সহপাঠী এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আরও পরিষ্কার হবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই জানানো হলেও, পরিবারের তরফে অত্যাচারের অভিযোগকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় মানুষজন। শিশুমৃত্যুর পেছনে যদি কেউ দোষী থাকে, তাহলে উপযুক্ত শাস্তির দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকেও।







