বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ এবার আসছে বড়োপর্দায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টি অবলম্বনে সিনেমা তৈরি করছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। রবিবার প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ঘোষণা করা হয়েছে, আগামী ১ আগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। অনেক দিন ধরেই এই ছবির পরিকল্পনা করছিলেন পরিচালক। ছোটোবেলায় বাবার মঞ্চ নাট্যে এই উপন্যাসের রূপান্তর দেখেই বড়োপর্দায় উপন্যাসটি আনার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
কিন্তু নানা সমস্যায় বারবার পিছিয়ে গিয়েছিল শুটিং ও মুক্তির দিনক্ষণ। এবার সেই দীর্ঘ অপেক্ষার পর্দা উঠতে চলেছে। প্রকাশিত ভিডিওতে শশীর জীবনের দোলাচল স্পষ্টভাবে ধরা পড়েছে। শহরের বিলাসিতার প্রলোভন ছেড়ে গ্রামে ডাক্তারি করার কষ্ট, বিদেশে যাওয়ার অদম্য ইচ্ছা, আর জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসার আকুতি। শশীর ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়, কুসুমের চরিত্রে জয়া আহসান ও কুমুদের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরে ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের প্রথম ধারাবাহিক প্রকাশের ৯০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে উপন্যাসের আখ্যানে সামান্য পরিবর্তন আনা হলেও তুলে ধরা হবে স্বাধীনতা পূর্ব ভারতের পটভূমি। সাহিত্যপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। এবার বড়পর্দায় ধ্রুপদী সাহিত্য কতটা নতুন মুগ্ধতা জাগায়, সেদিকেই তাকিয়ে সকলে।







