খেলাধুলা

জেলা থেকেই ফুটবলের তারকা তৈরির মঞ্চ, অক্টোবরে শুরু ‘বেঙ্গল সুপার লিগ’

যেখানে খেলার মাঠের আলো পৌঁছয় না, সেখান থেকেই উঠে আসুক বাংলার ফুটবল ভবিষ্যৎ—এই ভাবনাকেই রূপ দিতে চলেছে ‘বেঙ্গল সুপার লিগ’ (বিএসএল)। তৃণমূল স্তরে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজ্যের জেলাভিত্তিক প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের সূচনা হতে চলেছে এই অক্টোবরে। আইএফএ-অনুমোদিত এই প্রতিযোগিতার আয়োজক শ্রাচী স্পোর্টস। গ্রামবাংলার প্রতিভাকে বড় মঞ্চে তুলে ধরাই যার মূল উদ্দেশ্য।

জেলাগুলিকে আটটি জোনে ভাগ করে এই লিগ অনুষ্ঠিত হবে হোম-অ্যান্ড-আওয়ে ভিত্তিতে। থাকছে মোট ৬১টি ম্যাচ। সেমিফাইনাল হবে দুই পর্বে। আটটি দলের প্রতিটিতে থাকবে ২৫ জন ফুটবলার। প্রথম বছরে অন্তত চারটি জেলায় খেলা হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে ‘জি বাংলা সিনেমা’ চ্যানেলে। ডিসেম্বরের মধ্যেই শেষ হবে লিগের প্রথম সংস্করণ।

বিভিন্ন জেলার সমন্বয়ে গঠিত জোনগুলি যেমন পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত, তেমনি এই প্রতিযোগিতায় ফুটবলের প্রতি সাধারণ মানুষের আগ্রহকেও কাজে লাগাতে চাইছে আইএফএ ও আয়োজক সংস্থা। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘জেলার ফুটবলারদের জন্য একটা বড় মঞ্চ দরকার ছিল। বিএসএল সেই সুযোগ করে দেবে।’’

লিগের আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি এবং একঝাঁক প্রাক্তন ফুটবলার। তাঁদের আশা, এই লিগ কেবল প্রতিভা খুঁজে দেবে না, বরং বাংলার ফুটবল সংস্কৃতিকে জেলার ঘাসের মাটি থেকে ফের মাথা তুলে দাঁড়ানোর রসদও জোগাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.