এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে বিশাল হার যেন ঘুম কেড়ে নিয়েছে ইংল্যান্ড শিবিরের। ম্যাচ হারার পর পিচ নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর মতে, ওই পিচ ছিল উপমহাদেশের মতো মন্থর, যা ইংল্যান্ডের পরিকল্পনাই ভেস্তে দেয়। তাই লর্ডসে চেনা ছন্দে ফিরতে চান তিনি। চেয়েছেন গতি, বাউন্স আর সুইং-ভরা ‘মশালাদার’ উইকেট।
ম্যাকালাম স্বীকার করেছেন, এজবাস্টনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ছিল বড় ভুল। তিনি বলেন, ‘‘আমরা পিচ বুঝতে পারিনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে পিচ ভাল হবে, কিন্তু সেটা হয়নি। বরং ভারত অসাধারণ ব্যাটিং করেছে। শুভমন গিল ছিল অনবদ্য। আকাশদীপও দুর্দান্ত বল করেছে।’’ তিনি মনে করেন, ইংল্যান্ডের সাধারণ মানের বোলিং ভারতের মতো দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল।
এই অবস্থায় লর্ডসে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যাকালাম। পিচ প্রস্তুতকারক কার্ল ম্যাকডারমটের সঙ্গে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বৈঠক করে কী ধরনের পিচ চাই তা জানিয়ে দিয়েছেন তিনি। গতি, বাউন্স, এবং সিম মুভমেন্ট চাওয়া হয়েছে—যাতে ইংল্যান্ডের পেসাররা ফিরে পান বাড়তি সুবিধা।
সবচেয়ে বড় চমক হতে পারেন জফ্রা আর্চার। ম্যাকালাম জানিয়েছেন, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরতে পারেন আর্চার। তাঁর গতি ও আগ্রাসন কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। ম্যাকালামের আশাবাদ, ‘‘আর্চার খেললে ম্যাচ অন্য রকম হবে। ওকে পেলে আমরাও অন্য চেহারায় ফিরব।’’ লর্ডসেই তাই বদলাতে চাইছে ইংল্যান্ডের ব্যর্থতার ছন্দ।







